নীলফামারী জুড়ে তাল গাছ রোপণ: সবুজায়নের লক্ষ্যে এক নতুন উদ্যোগ
পরিবেশ ও প্রকৃতি রক্ষায় নীলফামারী জেলা জুড়ে সবুজায়নের লক্ষ্য নিয়ে তাল গাছের চারা রোপণের এক ব্যতিক্রমী কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডোমার উপজেলার ধরণীগঞ্জ হাটের ডোমার-নীলফামারী মহাসড়কের পাশে এ কর্মসূচির উদ্বোধন হয়। নীলফামারী সরকারি কলেজের প্রভাষক জনাব সোলাইমান আলীর উদ্যোগে এবং স্বপ্নীল নীলফামারী নামক সংগঠনের আয়োজনে এ কার্যক্রম শুরু হয়।
০৮ নভেম্বর, শুক্রবার বিকেল ৪টায় এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন স্কাউট কমান্ডার ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুনুর রশিদ।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান বলেন, তাল গাছ পরিবেশ সংরক্ষণে অত্যন্ত উপকারী। এটি বায়ু দূষণ কমাতে এবং কার্বন শোষণে সহায়ক ভূমিকা পালন করে, যা স্থানীয় তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়ক। তিনি আরো বলেন, উপজেলা প্রশাসন ও বন বিভাগ এ মহৎ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য সর্বদা প্রস্তুত।
গাছের ছায়া পথচারীদের আরাম দেয় এবং রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করে। তাছাড়া, তাল গাছ ঝড়-বৃষ্টিতে ভূমিক্ষয় রোধ করতে সহায়ক। এ কার্যক্রমের মাধ্যমে নীলফামারী জেলা জুড়ে সবুজায়নের যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তা ভবিষ্যতে পরিবেশগত উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে মনে করেন প্রভাষক জনাব সোলাইমান আলী।
উল্লেখ্য, এ ব্যতিক্রমী কর্মসূচিতে স্বেচ্ছাসেবী হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা যোগদান করেছেন।
রায়হান কবির,
নীলফামারী।
